চাঁদপুর শহর-এর গুরুত্বপূর্ণ ওয়্যারলেস মোড়ে দীর্ঘদিনের যানজট নিরসনে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন চাঁদপুর ট্রাফিক বিভাগের টিআই (এডমিন) প্রবীর কুমার দাস। তার উদ্যোগে মোড়টির তিনটি গুরুত্বপূর্ণ সড়কে ডিভাইডার স্থাপন করা হয়েছে, যার ফলে যান চলাচলে দৃশ্যমান পরিবর্তন এসেছে এবং নগরবাসীর ভোগান্তি অনেকটাই কমেছে।
চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ওয়্যারলেস মোড়ে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত যান চলাচল, উল্টো পথে গাড়ি প্রবেশ এবং যেখানে সেখানে যানবাহন দাঁড় করানোর কারণে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হতো। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহনকে চরম দুর্ভোগ পোহাতে হতো।
এই সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেন টিআই প্রবীর কুমার দাস। তিনি যানজটের মূল কারণ চিহ্নিত করে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে Walton-এর সহযোগিতায় ওয়্যারলেস মোড়ের তিনটি সড়কে ডিভাইডার স্থাপনের উদ্যোগ নেন। অল্প সময়ের মধ্যেই কাজটি সফলভাবে সম্পন্ন হয়।

ডিভাইডার স্থাপনের পর বর্তমানে যানবাহন নির্দিষ্ট লেনে চলাচল করছে এবং উল্টো পথে গাড়ি প্রবেশ অনেকাংশে বন্ধ হয়েছে। ফলে মোড়ে আগের মতো বিশৃঙ্খল পরিস্থিতি আর দেখা যাচ্ছে না। একই সঙ্গে পথচারীরাও নিরাপদে সড়ক পারাপার করতে পারছেন।
স্থানীয় ব্যবসায়ী, পরিবহন চালক ও সচেতন নাগরিকরা এই উদ্যোগকে অত্যন্ত জনবান্ধব ও কার্যকর বলে উল্লেখ করেছেন। তাদের মতে, একজন দায়িত্বশীল কর্মকর্তার আন্তরিক প্রচেষ্টায় সীমিত উদ্যোগেও বড় পরিবর্তন সম্ভব। শহরের অন্যান্য ব্যস্ততম মোড়েও একই ধরনের ট্রাফিক ব্যবস্থাপনা চালুর দাবি জানিয়েছেন তারা।




