
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ ও শিশুমৃত্যুর সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং বাকি ৯ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪১৪ শিশু এবং পরীক্ষায় হাম শনাক্ত হয়ে মারা গেছে ৮৫ শিশু।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৬০ হাজার ৫৪০ জন শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, একই সময়ে নতুন করে ৫৪ জনের হাম শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩২৯ জনে।
এদিকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যাও বাড়ছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ৫১১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩ হাজার ৪১১ শিশু।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়াই এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।