চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনে দায়িত্ব পালনে অনিয়ম ও গাফিলতির অভিযোগ পাওয়ায় চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি হাসপাতালে আসা রোগীরা কেমন চিকিৎসাসেবা পাচ্ছেন, সে বিষয়েও সরাসরি তথ্য নেন।
পরিদর্শনের সময় হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করতে গিয়ে দায়িত্ব পালনে অনিয়ম ও গাফিলতির বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসে। এরপর তিনি চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনকে বদলির নির্দেশ দেন।
এ সময় চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুন্নবী মাসুমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক এ পরিদর্শন ও তাৎক্ষণিক সিদ্ধান্তের বিষয়টি স্থানীয় স্বাস্থ্য বিভাগে আলোচনার সৃষ্টি করেছে। হাসপাতালের চিকিৎসাসেবার মান ও দায়িত্বশীলতা নিশ্চিত করতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



