চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের দাখিল পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। উপজেলার ১৭টি মাদ্রাসার একটিও শতভাগ পাসের সাফল্য অর্জন করতে পারেনি। ১৩টি প্রতিষ্ঠানে পাস করেছে অর্ধেকেরও কম শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, মতলব দক্ষিণ থেকে মোট ৫৪৯ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২১৮ জন। সার্বিক পাসের হার মাত্র ৩৯ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চারজন শিক্ষার্থী।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলেও বড় ধরনের ব্যবধান দেখা গেছে। মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পাসের হার ৪৪.০৬ শতাংশ এবং নন্দিখোলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৩৮.৬৩ শতাংশ। নওগাঁও রাশেদিয়া ফাজিল মাদ্রাসায় পাসের হার ৩৬.৬৬ শতাংশ। সবচেয়ে উদ্বেগজনক ফল করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে খর্গপুর ফাজিল মাদ্রাসায় পাসের হার মাত্র ২০.৩১ শতাংশ। এছাড়া নাগদা সূফি আহম্মেদ মহিলা দাখিল মাদ্রাসায় ২৫ শতাংশ এবং ধনারপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২৭.৭৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জাকির হোসেন জানিয়েছেন, কোনো প্রতিষ্ঠানই শতভাগ পাস করতে পারেনি এবং ১৩টি প্রতিষ্ঠানে অর্ধেকের কম শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তবে আগামীতে ফলাফল উন্নয়নে প্রতিষ্ঠানপ্রধানরা প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেছেন।



