দেশে আবারও জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার অকটেনের দাম ১৪৫ টাকা, পেট্রলের দাম ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ডিজেলের দাম আগের মতোই প্রতি লিটার ১১৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
রোববার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য আজ রাত ১২টার পর থেকে কার্যকর হবে।
সরকারের তথ্যমতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামা এবং আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে নিয়মিতভাবে দাম সমন্বয় করা হচ্ছে। ২০২৪ সালের মার্চ থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালুর পর প্রতি মাসে আমদানি ব্যয়ের ভিত্তিতে নতুন মূল্য নির্ধারণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহ সংকটের প্রভাব দেশের বাজারেও পড়েছে। এর ফলে জ্বালানি তেলের ব্যয় বেড়েছে এবং নতুন মূল্য নির্ধারণে তার প্রতিফলন ঘটেছে।
এর আগে এপ্রিল মাসেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। সর্বশেষ ঘোষণার ফলে পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম আরও বৃদ্ধি পেলেও ডিজেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।




