মেঘনা-ধনাগোদা নদীর উপর নির্মিত চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সংযোগস্থল ‘মতলব সেতু’তে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। ২১ নভেম্বর সারাদেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর সেতুর মাঝখানের জয়েন্টে এই ফাটল দেখা দেয় বলে ধারণা করছেন স্থানীয়রা।
দীর্ঘদিন সংস্কারের অভাবে সেতুর দুই পাশের সংযোগ সড়কেও বড় বড় গর্ত তৈরি হয়েছে। উঠে গেছে কংক্রিট, বেরিয়ে পড়েছে রড, এ অবস্থায় প্রতিদিন হাজারো যানবাহন ঝুঁকি নিয়ে সেতু পারাপার হচ্ছে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে দেখা যায়, ভারী যানবাহন পার হওয়ার সময় সেতুটি কাঁপতে থাকে। সংযোগ সড়কের গর্তগুলো মরণফাঁদে পরিণত হয়েছে।
বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ প্রতিদিনই আতঙ্ক নিয়ে চলাচল করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, বরিশাল, শরীয়তপুর, ফরিদপুর ও কুমিল্লার বিপুল সংখ্যক মানুষ ঢাকায় যাতায়াতের জন্য এ সেতুর ওপর নির্ভরশীল। প্রতিদিন কয়েক হাজার যানবাহন সেতুটি ব্যবহার করে। এটি অচল হয়ে পড়লে বিকল্প সড়ক না থাকায় জনভোগান্তি চরমে উঠবে।





